নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ভিজিট জোরদার করে সঠিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি সময়ানুবর্তিতা, শিক্ষার মান এবং শিক্ষক উপস্থিতি নিয়ে কঠোর মনোভাব প্রকাশ করেন।
পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অর্থবছরের এডিপি ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত শ্রেণি অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া শিক্ষার্থীদের উপস্থিত করা হলেও অনেকেই নির্ধারিত সময়ে আসেনি। এ ধরনের অনিয়ম ভবিষ্যতের জন্য ভালো সংকেত নয় বলেও তিনি মন্তব্য করেন। সময় মেনে চলার অভ্যাস গড়ে তোলাকে তিনি শিক্ষার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, অনেক ক্ষেত্রে শ্রেণিকক্ষে উপস্থিতি থাকলেও বাস্তব উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আরও নিয়মিত পরিদর্শন ও নির্ভুল প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আচরণ পর্যবেক্ষণে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল বাসেদ। আরও বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাব হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া, সহকারী কর্মকর্তা এনামুর রহমান ভূঁইয়া, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।