নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া চকপাড়া এলাকায় এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ নাঈম নামে এক যুবকের বিরুদ্ধে। আজ (২২ মে) দুপুরে এই ধর্ষণনের ঘটনা নিয়ে সালিশে বসেন বিএনপি নেতারা।
তরুণীর মায়ের অভিযোগ, একই এলাকার নাঈম নামের এক যুবক দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে তাঁর মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে আজ সালিশি বৈঠকে বসেন বিএনপি নেতা আওলাদ মোল্লা, মোশারফ হোসেন স্বজল, মাজহারুল হক টিটু, মোয়াজ্জেম হোসেন খোকা, আমজাদ ভূইয়া, সেলিম, অরুন, বাদল ও সাঈদসহ আরো অনেকে।
অভিযোগ রয়েছে, সেখানে এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে ধর্ষণনের ঘটনা মীমাংসার প্রস্তাবে সিদ্ধান্ত দেওয়া হয় বলে দাবি করেছেন তরুণীর পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানান, এ সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়ে ওই তরুণী, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
পরে হাসপাতালে ওই তরুণীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।