নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর থানার শেরপুর গ্রামে এক দরিদ্র পরিবারের ১১ বছরের শিশু মনিকা ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত দুই যুবক আরিফ ও আলমগীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মেয়েটি গত কিছুদিন আগে রাত ৮টার দিকে মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে আরিফ ও আলমগীর তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর ধর্ষকরা মেয়েটিকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, কাউকে কিছু বললে মেরে ফেলবে। ভয়ে মেয়েটি এতদিন কাউকে কিছু জানায়নি। গত রবিবার (২৪ মে) মেয়েটি পরিবারকে ঘটনা জানায়।
ঘটনা জানাজানি হওয়ার পর ধর্ষক আরিফ, আলমগীরসহ তাদের পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
আরো জানা যায়, মেয়ের পরিবার মেয়েকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। পরে ভিকটিমের পরিবার আরিফ ও আলমগীরের নামে শিবপুর থানায় মামলা দায়ের করেছে।
পরিবার ও এলাকাবাসী আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে। অনিরাপদ হয়ে উঠছে শিশুদের জন্য এই বাংলাদেশ। পুলিশ এখনো ধর্ষকদের গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, আসামি গ্রেফতারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে, যে কোন সময় ধরা পড়বে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।