নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলায় মাদকসেবন করে নিজ পরিবার ও প্রতিবেশীর ওপর তাণ্ডব চালানোর অপরাধে মোঃ রাসেল মিয়া (৩৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ (২ জুন) মঙ্গলবার উপজেলার যোশর ইউনিয়নের ভঙ্গারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা যায়, ভঙ্গারটেক এলাকার বাসিন্দা মোঃ রাসেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। আজ সে অতিরিক্ত মাদকসেবন করে মাতাল অবস্থায় নিজ পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং অমানুষিক নির্যাতন চালায়। পরে সে মাতাল অবস্থায় প্রতিবেশীর ঘরে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। রাসেলের এমন উগ্র ও হিংস্র আচরণে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয়রা খবর দিলে, দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। তিনি ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে তিনি, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আদালত পরিচালনা করে অপরাধী মোঃ রাসেল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় শিবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।শিবপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।